আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাই কোর্টে রিট আবেদন

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও সরকারি কার্ডধারী আট জুলাইযোদ্ধার পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ রিট আবেদন করেন। আবেদনকারীরা হলেন–নড়াইলের এম এস মোস্তাফিজুর রহমান, বরগুনার হাবিব, খাগড়াছড়ির হামিদুল সরকার, ফেনীর জামাল, ঢাকার নূর আলম ও মনির হোসেন, কুমিল্লার রবিউল করিম এবং কিশোরগঞ্জের নাসিম মিয়া।

রিট আবেদনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএফআইইউ প্রধানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। তবে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে সংসদীয় আইন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি প্রয়োজন।

আবেদনকারীরা লিখেছেন, ২০২৬ সালের ১০ নভেম্বরের পর থেকে দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি–বেসরকারি স্থাপনায় হামলার খবর এসেছে। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রীও দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে বর্ণনা করেছেন।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অর্থের উৎস অনুসন্ধান, অর্থ জব্দ এবং অর্থের প্রবাহ বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও আর্জি জানানো হয়েছে। পাশাপাশি দলটির সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জেনেশুনে অর্থায়ন ও সহায়তাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
পরবর্তী নিবন্ধ১০ বছর পর রায়, একজনের যাবজ্জীবন, আরেকজন খালাস