আই এ ইউ পির সভায় আইআইইউসি প্রতিনিধিদল

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫৫ পূর্বাহ্ণ

আইআইইউসির একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আই এ ইউ পি) অর্ধবার্ষিক সভায় অংশগ্রহণ করেছে। গত ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ সভার আয়োজক ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের পরিচালক প্রফেসর ড. মো. তৌহিদুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।

সভায় বিশ্বের প্রায় ২৬টি দেশের ২শতাধিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ভাইস–চ্যান্সেলর ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে উচ্চশিক্ষার সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় অংশগ্রহণের পাশাপাশি আইআইইউসি প্রতিনিধিদল বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ও মতবিনিময় করেন। এ সময় কয়েকটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের উদ্যোগও নেওয়া হয়। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং একাডেমিক কার্যক্রম সমপ্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে আইআইইউসির সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঋত্বিক ঘটকের চলচ্চিত্র বর্তমানে আরও বেশি প্রাসঙ্গিক
পরবর্তী নিবন্ধধর্মচর্চা মানুষকে উন্নত শিখরে নিয়ে যেতে পারে