অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে আজ বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। এর আগে অস্ট্রেলিয়া মাটিতে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এবারের সিরিজ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। চলতি বছরের এপ্রিলে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ নারী দলের। তবে সেটি টি–টোয়েন্টি ফরম্যাটে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ ছয় বছর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় প্রধান কোচ ডেভিড হেম্প বলেন, ‘আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেই সাথে এখানকার উইকেটে অনুশীলনও করেছি। এখানে মানিয়ে নেওয়া খেলোয়াড়দের জন্য কিছুটা চ্যালেঞ্জের ছিল। কারণ খেলোয়াড়রা যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, তার চেয়ে এখানকার উইকেটগুলো একটু বেশি গতি ও বাউন্স ছিল।’ কন্ডিশন ও উইকেট অপরিচিত হলেও ক্রিকেটাররা দ্রুতই মানিয়ে নিয়েছে বলে জানান হেম্প। তিনি বলেন, ‘খেলোয়াড়রা দারুণভাবে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। এই কন্ডিশনগুলো আমাদের জন্য নতুন ও ভিন্ন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রস্তুতির প্রথম চার–পাঁচ দিন আমাদের ভালো কেটেছে।’ আইসিসি ওয়ানডে ও টি–টোয়েন্টি র্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়া। বিশ্ব সেরা দলের বিপক্ষে ক্রিকেটারদের ইতিবাচক থাকার আহ্বান হেম্পের। তিনি বলেন, ‘আমরা বিশ্ব সেরা দলের বিপক্ষে খেলবো, এটা অস্বীকার করার কোন উপায় নেই। ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই এক নম্বর দল অস্ট্রেলিয়া। মানসিকভাবে চাঙ্গা থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। দলের কাছ থেকে আমার প্রত্যাশা থাকবে, ম্যাচের মধ্যে মাঠে ইতিবাচক থাকা।’ দ্বিপাক্ষিক সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হারে বাংলাদেশ। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়ে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এমনকি টি–টোয়েন্টিতেও ছয়বারের দেখায় কোন জয় পায়নি টাইগ্রেসরা।











