নাজিফা তুষি অভিনীত চলচ্চিত্র রইদ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। জানা গেছে, রইদ উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে। আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে ইনসব্রুক শহরে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হওয়ার মাধ্যমে। এবার ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













