‘আনন্দময় শৈশব চাই, সুখী সুন্দর বাংলাদেশে’ এই স্লোগানে চট্টগ্রাম মহানগরের আয়োজনে জাতীয় শিশু–কিশোর সংগঠন খেলাঘরের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৩ মে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলালের সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ প্রতিম নাহা’র সঞ্চালনায় কথামালায় অতিথি ছিলেন কবি অভীক ওসমান, কবি ও সাংবাদিক ওমর কায়সার, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, কথাসাহিত্যিক জাহেদ মোতালেব। আলোচনায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, অধ্যাপক ড. উজ্জ্বল দেব, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আশীষ ধর, মহানগর কমিটির সহ–সভাপতি গোপাল কৃষ্ণ লালা। স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু। কথামালায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক ও মানবিকবোধ সম্পন্ন প্রদীপ্ত প্রজন্ম গড়ে তোলার জন্য ১৯৫২ সাল থেকে কাজ করে যাচ্ছে খেলাঘর। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে খেলাঘরের এই দীর্ঘ পথচলা এক অনন্য ঘটনা। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। কথামালা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী মৃণালিনী চক্রবর্তী’র একক গান, অধ্যাপক রোজী মজুমদার সেনের সেতার বাদন এবং প্রণব চৌধুরী ও দেবাশীষ রুদ্রের একক আবৃত্তি পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য জয়ন্ত রাহা। প্রেস বিজ্ঞপ্তি।












