অভিবাসনের আবেদনের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতের বিচারক। বৃহস্পতিবার এক রায়ে বোস্টনে ম্যাসাচুসেটস জেলা আদালতের ফেডারেল বিচারক জুলিয়া কোবিক ট্রাম্প প্রশাসনের নীতিকে বৈষম্যমূলক এবং বেআইনি বলে অভিহিত করেছেন। ট্রাম্প প্রশাসন ৩৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার কারণে সেইসব দেশের মানুষের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া এবং কাজের অনুমতি পাওয়া কঠিন হয়ে পড়ে। খবর বিডিনিউজের।
বিচারক জুলিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রাথমিক আদেশ জারি করে ওই রায় দেন। তিনি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে বিদ্যমান অভিবাসন আইনের পরিপন্থি বলে উল্লেখ করেন।ইরান, হাইতি, ভেনিজুয়েলা এবং সিরিয়াসহ ২০ টি দেশের প্রায় ২০০ জন মানুষ, যারা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তাদের গতবছর ডিসেম্বরে করা মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের ওই নীতিতে পূর্ণ ও আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়া ৩৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড, নাগরিকত্ব এবং কাজের অনুমতির আবেদন প্রক্রিয়া বা যাচাইকরণ স্থগিত করা হয়েছিল এবং এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল গতবছর নভেম্বরে।
আদালতের বিচারক জুলিয়া আশ্রয় এবং নাগরিকত্বের আবেদন পর্যালোচনার ওপর নিষেধাজ্ঞা কংগ্রেসের কমান্ডের পরিপন্থি বলেও রায় দিয়েছেন। রায়ের ফলে ২২ জন বাদীর ওপর ট্রাম্প প্রশাসনের নীতির প্রয়োগ বন্ধ হয়েছে, যারা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বাদীদের পক্ষের আইনজীবী জিম হ্যাকিং এই রায়কে স্বাগত জানিয়েছেন।













