অন্যের প্রত্যাশা আর নিজের অস্তিত্বের টানাপোড়েন

ইসমত আরা কোহিনূর | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রতিদিন একটু একটু করে জীবনের চৌহদ্দি ছোট হয়ে যাচ্ছে। আপন আপন স্বপ্নের ব্যস্ততা তৈরি করতে আমরা সবাই ব্যস্ত। প্রিয়জনদের প্রয়োজন, আবদার ও প্রত্যাশা পূরণের জন্য, আবার কখনো নিজেদের সামাজিক অবস্থান সুদৃঢ় করার জন্য মরিয়া হয়ে উঠি। আসলে আমরা নিজেকে কখনো প্রশ্ন করি না এই যে এত আয়োজন, এত ব্যস্ততা, এত অর্জন, এত সুখ্যাতি, এর কতটুকু সত্যিকার অর্থে আমার, আর কতটুকু অন্যের জন্য? নিজের জন্য, নাকি পরিবারের সদস্যদের জন্য?

আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে বাহ্যিক সাফল্যের রমরমা কদর। কে কাকে টেক্কা দিয়ে কতটা এগিয়ে গেল, কার কতটা পেশিশক্তি, কে কতটা প্রশংসা পেল এসবের হিসাব চলে প্রতিনিয়ত। অথচ দায়িত্বের কষাঘাতে নিজের ভেতরে কতটা আবেগ চাপা পড়ে আছে, কত স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে, তার হিসাব রাখার সুযোগ হয় না। কখনো কখনো আমরা নিজেরাই নিজেদের জীবনের অলিন্দে অপূর্ণতার নীরব দর্শক হয়ে যাই।

অন্যের কাছ থেকে স্বীকৃতি পেতে গিয়ে নিজের অনুভূতিগুলোকে অবহেলা করি। ক্ষমতাবানের সামনে মাথা নত করতে করতে ভুলে যাই, আমাদেরও একটি স্বাধীন বিবেক আছে। সামাজিক দায়বদ্ধতা ও মেকি অভিনয়ের ভিড়ে সত্যিকারের আমিত্বকে হারিয়ে ফেলি।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, এসবের মধ্যেও আমরা ভালোবাসা দিয়ে সম্পর্ক সাজাই। শ্রম দিয়ে, সময় দিয়ে আপনজনদের ভবিষ্যৎ তৈরি করতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাই। নিজের স্বপ্নের রং দিয়ে এমন সব পৃথিবী বিনির্মাণ করি, যেখানে হয়তো একদিন নিজের জন্যই কোনো জায়গা থাকে না।

এত ভালোবাসা, ত্যাগ–তিতিক্ষা সবই কি বৃথা? প্রাপ্তির পাল্লায় থাকুক না কিছু মূল্যবোধ। কিন্তু তাই বলে নিজের অস্তিত্বকে অস্বীকার করাও জীবনের উদ্দেশ্য হতে পারে না। যে মানুষটি সবার জন্য জায়গা তৈরি করে, তার নিজের দাঁড়ানোর জায়গাটুকু কোথায়?

আমরা কি সত্যিই নিজের জীবনটা নিয়ে সন্তুষ্ট? ব্যক্তিভেদে এই প্রশ্নের উত্তর হয়তো আলাদা হতেই পারে। তবে মাঝেমধ্যে প্রতিটি মানুষের নিজের দিকে ফিরে তাকানো প্রয়োজন। নিজের ছোট ছোট চাওয়া, পছন্দ–অপছন্দগুলোর মূল্যায়ন করা এবং নিজের ইচ্ছা–অনিচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।

খুব ছোট্ট একটি জীবন। একে সঠিকভাবে সত্য ও সুন্দরের পথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। হতাশা ও গ্লানির কাছে পরাজিত হওয়া থেকে নিজেকে রক্ষা করাও খুব জরুরি। কারণ জীবনের সবচেয়ে বড় অপচয় হয়তো সময় হারানো নয়, বরং সমস্ত সময় ব্যয় করেও নিজের জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলোর সঙ্গে আর দেখা না হওয়া।

তাই প্রতিটি মানুষকে অন্যের প্রত্যাশা পূরণের পাশাপাশি নিজের জীবনের মূল্যবোধকেও প্রাধান্য দিতে হবে। আত্মসচেতন হওয়া, নিজেকে ভালোবাসা এবং নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত। তাতেই হয়তো জীবনের প্রতি খানিকটা তৃপ্তি খুঁজে পাওয়া সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধইটভাটার আগুনে পুড়ছে পাহাড়, ধ্বংস হচ্ছে পরিবেশ
পরবর্তী নিবন্ধঘৃণা দূর হোক, সুস্থ হোক পৃথিবী