কদিন আগেই ইন্দোনেশিয়ার বিপক্ষে হামজা– সিনিয়র শোমিতদের যে তেতো অভিজ্ঞতা হয়েছিল, তার পুনরাবৃত্তি হলো না অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে। তাদের সঙ্গে ড্র করেছে বায়েজিদ–আজিমরা। আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে রোববার ইন্দোনেশিয়ার সঙ্গে ১–১ ড্র করে বাংলাদেশ। তবে, দিনের শুরুতে দল ৩–১ গোলে হেরে যায় পর্তুগালের বিপক্ষে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এ নিয়ে তিন ম্যাচে দুটি ড্র করল বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল দল। ইন্দোনেশিয়ার বিপক্ষেও শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে লক্ষ্যভেদ করেন পর্তুগাল ম্যাচে জালের দেখা পাওয়া বায়েজিদই। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি আর গোলের দেখা।












