অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় সিডিএফএ মেয়র (১৩) একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। টুর্নামেন্ট শুরু উপলক্ষে গতকাল বুধবার এক মতবিনিময় সভা সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। তিনি জানান,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত ২৪টি একাডেমি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অনূর্ধ্ব১৩ বছরের খেলোয়াড়রাই এট টুর্নামেন্টে খেলবে। অংশগ্রহণকারী ২৪টি দলসমূহ হচ্ছে: পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি, সন্দীপ ফুটবল একাডেমি, ইয়ং ফুটবল একাডেমি, মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি, আকুবদন্ডী ফুটবল একাডেমি, চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি, এম সি এস ফুটবল একাডেমি, আবদুস সোবহান ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি, হাটহাজারী ফুটবল একাডেমি, একরাম ফুটবল একাডেমি, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, রামপুর ফুটবল একাডেমি, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, রাইজিং স্টার ফুটবল একাডেমি, পাঠানটুলী ফুটবল একাডেমি, মীরসরাই ফুটবল একাডেমি, শিকলবাহা স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি, চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমি এবং ডায়নামিক ফুটবল একাডেমি। টুর্নামেন্টটি প্রাথমিক পর্যায়ে লিগ পদ্ধতি অনুষ্ঠিত হবে। গ্রুপ লিগ পদ্ধতিতে একাডেমিগুলোকে ৬টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক গ্রুপে আছে ৪টি করে দল। গ্রুপ লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৬টি গ্রুপ হতে গ্রুপ চ্যাম্পিয়ন ৬টি দলকে লটারীর মাধ্যমে ২টি গ্রুপে বিভক্ত করে ৩টি করে দল নিয়ে রবিন লিগ অনুষ্ঠিত হবে।

রবিন লিগের ২টি গ্রুপ হতে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ দল নিয়ে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের বিজয়ী দুটি দল নিয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টের স্পন্সর করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্ট উপলক্ষে স্পন্সর প্রতিষ্ঠান ৬ লক্ষ টাকা প্রদান করবেন। অংশগ্রহণকারী দলসমূহকে জার্সি প্রদান করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সবুজ হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মোহাং শাহজাহান। অংশগ্রহণকারী দলসমূহকে ২টি প্র্যাকটিস বল প্রদান করেছেন সিডিএফএ নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম খান। দলসমূহকে ১টি করে ম্যাচবল প্রদান করছেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ এবং প্রতি খেলায় ম্যান অব দা ম্যাচ ট্রফি প্রদান করবেন সিডিএফএ নির্বাহী কমিটির সদস্য কাজী জসিম উদ্দিন। প্রতি দলে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশনের বিধান রাখা হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেবে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি এবং মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি। বিকাল ৩টায় এ খেলা শুরু হবে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এই সময় বিশেষ অতিথি থাকবেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিডিএফএ সহসভাপতি নজরুল ইসলাম লেদু, সহসভাপতি মোহাং শাহাজাহান এবং সদস্য মাহাবুবুর রহমান। বক্তারা বলেন, ১৮ বছরের নীচে খেলোয়াড় বাছাই করা খুব কঠিন কাজ। কারণ তাদের যেহেতু এনআইডি নেই, ছবি ছাড়া তাদের কাগজপত্র যাচাইবাছাই করা খুব পরিশ্রমের কাজ। তবে এ কাজটিই এবার সুতীক্ষ্ণ দৃষ্টিতে সামাল দিয়েছেন সিডিএফএর যাচাইবাছাই কমিটি। তাঁদের কল্যাণে আশা করা হচ্ছে ভেজাল ছাড়া একটি সঠিক বয়সভিত্তিক টুর্নামেন্ট চট্টগ্রামবাসী এবার দেখতে পাবেন। যাতে একই সমবয়সী ক্ষুদে ফুটবলাররা সুন্দর খেলা দর্শকদের উপহার দিতে সক্ষম হবে। খেলা পরিচালনার জন্য গঠন করা হয়েছে আহবায়ক কাজী মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ২০ সদস্যের পরিচালনা কমিটি। এর সদস্য সচিব সালাউদ্দিন জাহেদ।

গতকাল মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হারুণ আল রশিদ, কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত পাবলু, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, সিজেকেএস কাউন্সিলর সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এনামুল হক এনাম, রায়হান উদ্দীন রুবেল, সোহেল আহমেদ, সিডিএফএ কাউন্সিলর আবদুল মোমেন বাবু, স্পন্সর প্রতিনিধি আবদুল আহাদ রিপন, খেলা পরিচালনা কমিটির সদস্য মো. মামুন উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা কাবাডি কমিটির প্রথম সভা
পরবর্তী নিবন্ধ‘বড় স্বপ্ন’ নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছেন লিটন