‘বড় স্বপ্ন’ নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছেন লিটন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসের মতো বড় ক্রীড়া আসরের স্বাদ এই প্রথম পেতে চলেছেন লিটন কুমার দাস। নিজের ও দলের ভেতরের সেই উত্তেজনা ও সোনার পদকের স্বপ্নের কথা শোনালেন বাংলাদেশ অধিনায়ক। আইচিনাগোয়া গেমসে খেলতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বৃহস্পতিবার রাতে। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এ দিনই শুরু হয়ে যাবে ছেলেদের ক্রিকেটের গ্রুপ পর্বের খেলা। তবে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টারফাইনালে। এবার লড়াই দেশের হয়ে পদক জয়ের। লিটনের কণ্ঠে ভিন্নতার উচ্ছ্বাস। ‘অবশ্যই বাংলাদেশ দল খেলেছে অনেকবার। এই প্রথমবার আমিসহ আমরা খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে এটা বড় ব্যাপার। জাতীয় দলকে সার্ভ করছি, সঙ্গে এরকম একটি জায়গায় খেলা, অনেক বড় ব্যাপার এটা। এমনিতে জিতলে আপনি ট্রফি জিতবেন, কিন্তু এখানে সোনার পদকের বিষয় থাকে। এটাই একটা বড় স্বপ্ন এবং আমার মনে হয় দলের সবাই অনেক রোমাঞ্চিত।’ এবার মূল জাতীয় দল খেলবে বলে প্রত্যাশার ভারও বেশি। চাপ সামলে প্রত্যাশিত সাফল্যে এনে দিতে চান লিটন। ‘প্রত্যাশা তো সবাই করবে। এমন কি আমি খেলোয়াড় হিসেবে আমিও তো আশা নিয়েই যাব যে, ওখানে ভালো কিছু করব। আমি একটা জিনিস বলতে পারি, আমাদের দলের সবাই অনেক আগ্রহ নিয়ে আছে এই টুর্নামেন্ট খেলার জন্য। এই টুর্নামেন্টটা প্রতিবার (বছর) আসে না। আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বা জাতীয় দলে যে কোনো জিনিস এক বছর পরপরই পেয়ে যাবেন। কিন্তু এই খেলাটা (এশিয়ান গেমস) খুব সবসময় আসে না। আমাদের প্রত্যেকেই অনেক রোমাঞ্চিত এবং সবচেয়ে বড় স্বপ্ন যেটা, সেটাই পূরণ করার চেষ্টা করব আমরা।’ এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই হবে টিটোয়েন্টি সংস্করণে। বাংলাদেশ দল এই সংস্করণে সবশেষ খেলেছে গত জুলাইয়ে। ম্যাচ অনুশীলনের ঘাটতি পুষিয়ে নিতে প্রস্তুতি ক্যাম্প চলার সময় নিজেদের মধ্যে দুটি ম্যাচ খেলেছেন লিটনরা। সামগ্রিক প্রস্তুতিতে অধিনায়ক সন্তুষ্ট। ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুইটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি অনেকদিন পর। আমরা সবশেষ টিটোয়েন্টি সিরিজ খেলেছি জিম্বাবুয়েতে। ওখান থেকে একসাথে বন্ডিং হওয়ার একটা সুযোগ ছিল এই প্রস্তুতি ম্যাচ। আমার মনে হয়, আমরা প্রস্তুতি খুবই ভালো নিয়েছি। আর অবশ্যই এখানে লক্ষ্য তো একটাই থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো কিছু করতে পারি।’

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.৩৩ কোটি টাকা