৬৭ বছরে আজাদী

চট্টগ্রামবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে এ পত্রিকা । আজ মিলাদ মাহফিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী আজ ৬৭ বছরে পদার্পণ করেছে। ছয় দশকের বেশি সময় ধরে চট্টগ্রামের মাটি, মানুষ, ইতিহাসঐতিহ্য, আশাআকাঙ্ক্ষা, সংকট ও সম্ভাবনার কথা বলে আসছে পত্রিকাটি। সময়ের পালাবদল, রাজনৈতিক ও সামাজিক নানা টানাপোড়েন, প্রতিকূলতা এবং চাপের মধ্যেও সত্য ও নীতির প্রশ্নে অবিচল থেকে দৈনিক আজাদী আজ চট্টগ্রামের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে।

১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর আলোকিত ব্যক্তিত্ব, এ অঞ্চলের প্রথম মুসলিম প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের হাত ধরে দৈনিক আজাদীর যাত্রা শুরু। সেই সময়ের পূর্ব পাকিস্তানের অবহেলিত চট্টগ্রামে একটি দৈনিক সংবাদপত্র প্রকাশ ছিল কঠিন ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ। মুদ্রণশিল্প ও প্রকাশনা জগতেও ছিল নানা সীমাবদ্ধতা। কিন্তু চট্টগ্রামের প্রতি গভীর ভালোবাসা এবং এই অঞ্চলের মানুষের কথা বলার দায়বদ্ধতা থেকেই তিনি সেই দুঃসাহসিক উদ্যোগ নিয়েছিলেন।

প্রতিষ্ঠাতার সেই স্বপ্ন ও আদর্শকে ধারণ করে ৬৬ বছরের পথ পেরিয়ে আজ ৬৭ বছরে পা রাখল দৈনিক আজাদী। দীর্ঘ এই যাত্রায় পত্রিকাটি শুধু সংবাদ পরিবেশন করেনি, বরং চট্টগ্রামের ইতিহাসের অংশ হয়ে উঠেছে। এই জনপদের সুখদুঃখ, অর্জনবঞ্চনা, আন্দোলনসংগ্রাম, উন্নয়ন ও সম্ভাবনার সঙ্গে আজাদীর পথচলা একসূত্রে গাঁথা।

চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে দৈনিক আজাদী বরাবরই ছিল আপসহীন। বন্দরের সক্ষমতা বৃদ্ধি, শিল্পায়ন, যোগাযোগ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, পরিবেশ কিংবা নগর উন্নয়নচট্টগ্রামের প্রয়োজন ও সম্ভাবনার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে পত্রিকাটি। একই সঙ্গে অব্যবস্থাপনা, অনিয়ম, বঞ্চনা ও জনদুর্ভোগের চিত্রও প্রকাশ করেছে নির্ভীকভাবে। ফলে সংবাদপত্রের গণ্ডি পেরিয়ে আজাদী হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষের কথা বলার অন্যতম প্রধান মাধ্যম।

প্রতিষ্ঠার পর থেকেই সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীলতাকে সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে ধারণ করেছে আজাদী। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে, সংবাদমাধ্যমের ধরন বদলেছে, পাঠকের রুচি ও চাহিদায় এসেছে পরিবর্তন। কিন্তু সত্যের প্রতি দায়বদ্ধতা ও চট্টগ্রামের প্রতি দায়িত্ববোধে কোনো পরিবর্তন আসেনি। নানা প্রতিকূলতা, রাজনৈতিকসামাজিক চাপ ও কঠিন সময় অতিক্রম করেও পত্রিকাটি তার নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি।

দৈনিক আজাদীর সঙ্গে চট্টগ্রামের মানুষের সম্পর্ক তাই কেবল পাঠক ও সংবাদপত্রের সম্পর্ক নয়। চট্টগ্রামের সাথে এই পত্রিকার দীর্ঘদিনের এক আত্মিক বন্ধন গড়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম পাঠকের হাতে হাতে পৌঁছেছে আজাদী। চট্টগ্রামে অনেক পরিবারের সকাল শুরু হয়েছে আজাদী দিয়ে। চট্টগ্রামের অসংখ্য মানুষের কাছে আজাদী তাদের নিজস্ব কণ্ঠস্বর, তাদের শহর ও জনপদের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত।

আজাদী মানেই চট্টগ্রাম, চট্টগ্রাম মানেই আজাদী’ এই অনুভূতিই দীর্ঘ পথচলায় পত্রিকাটির সবচেয়ে বড় অর্জন। পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ ভালোবাসা এবং আস্থা আজাদীর পথচলার প্রধান শক্তি। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সংবাদপত্রের ইতিহাসেও দীর্ঘ সময় ধরে জনপদের মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রেখে টিকে থাকার দৃষ্টান্ত বেশি নেই। দৈনিক আজাদী সেই বিরল দৃষ্টান্তগুলোর একটি।

দীর্ঘ এই গৌরবযাত্রায় আজাদীর সামনে এসেছে নানা সংকট। এসেছে রাজনৈতিক ও সামাজিক প্রতিকূলতা, অর্থনৈতিক চাপ এবং পরিবর্তিত সংবাদমাধ্যমের কঠিন বাস্তবতা। কিন্তু প্রতিটি সংকটকে সাহস, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করে এগিয়ে গেছে পত্রিকাটি। সুদিনে যেমন মানুষের পাশে থেকেছে, তেমনি দুঃসময়েও মানুষের কণ্ঠস্বর হয়ে দায়িত্ব পালন করেছে।

আজকের এই গৌরবময় দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে। তাঁর দূরদর্শিতা, সাহস ও আত্মত্যাগের ফসল আজকের দৈনিক আজাদী। একই সঙ্গে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে সাবেক সম্পাদক, স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদকে। তাঁর মেধা, প্রজ্ঞা, শ্রম ও নেতৃত্ব দৈনিক আজাদীর বিকাশ ও ঐতিহ্য নির্মাণে অসামান্য ভূমিকা রেখেছে।

দীর্ঘ এই পথচলায় যাঁরা মেধা, শ্রম, সময় ও নিষ্ঠা দিয়ে দৈনিক আজাদীকে সমৃদ্ধ করেছেন এবং আজ আমাদের মাঝে নেই, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তাঁদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছে আজাদী পরিবার।

৬৭ বছরে পদার্পণের এই শুভক্ষণে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে আজাদী পরিবার। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, কর্মকর্তাকর্মচারী ও সুহৃদদের, যাঁদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থায় ছয় দশকের বেশি সময় ধরে আজাদীর গৌরবযাত্রা অব্যাহত রয়েছে।

আজ মিলাদ মাহফিল : ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে আজ শনিবার বাদ আছর দৈনিক আজাদী ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দৈনিক আজাদী পরিবারের সদস্যদের পাশাপাশি পাঠক, শুভানুধ্যায়ী ও সুধীজন অংশ নেবেন। মিলাদ মাহফিলে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা, সাবেক সম্পাদকসহ প্রয়াত সাংবাদিক, কর্মকর্তাকর্মচারী ও সংশ্লিষ্ট সবার রুহের মাগফেরাত কামনা এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যখাতে লায়ন্স চক্ষু হাসপাতালের সেবা সরকারি উদ্যোগের পরিপূরক : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধসমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব