৫ টাকার নতুন নোটে ‘গ্রাফিতি- ২০২৪’

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার ৫ টাকার নোট বাজারে ছেড়েছে সরকার। অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরে এ নোটের এক পিঠে আছে পুরান ঢাকার তারা মসজিদ এবং পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার ছবি। অন্য পিঠে স্থান পেয়েছে গ্রাফিতি২০২৪ এর ছবি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হবে। খবর বিডিনিউজের।

বাংলাদেশে প্রচলনে থাকা মুদ্রার মধ্যে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের নোট সরকারের মালিকানায় থাকায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এর মধ্যে নতুন নকশায় ৫ টাকার নোট বাজারে এল। পাঁচ টাকার নতুন নোটে সামনের পিঠের বামপাশে তারা মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। নোটের পেছনের পিঠে রয়েছে গ্রাফিতি২০২৪ এর ছবি।

নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে। নোটটিতে হালকা গোলাপী রঙের আধিক্য রয়েছে। নোটের বামদিকে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভিতর প্রবিষ্ট যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়।

এছাড়া নোটের সামনের অংশের নিচের গ্লিউইশ প্যাটার্নের উপরের অংশে মাইক্রোপয়েন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘ইঅঘএখঅউঊঝঐ’ মুদ্রিত রয়েছে। নতুন নকশার ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বন্ধুদের সাথে খেলার সময় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজে মাটিযুক্ত বালু ব্যবহার