মারা যাওয়ার ২৩ দিন পর আদালতের নির্দেশে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে এয়ার আহমদ (৪৫) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের উপস্থিতিতে উপজেলার কাটাগাং কবরস্থান থেকে লাশটি তোলা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এয়ার আহমদের বাড়ি করেরহাট ইউনিয়নের দক্ষিণ–পশ্চিম জোয়ার গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাতে এয়ার আহমদ ফেনীর লেমুয়া ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে রহস্যজনক কারণে কতিপয় ব্যক্তি তাকে মৃত অবস্থায় ফেলে রেখে যায়। পরদিন ভোরে নিহতের গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়। পরবর্তীতে নিহতের স্ত্রী বিবি খতিজা ফেনীর আদালতে হত্যা মামলা দায়ের করলে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।
নিহতের স্ত্রী বিবি খতিজা অভিযোগ করে বলেন, ওই দিন রাতে হঠাৎ আমার চাচা মুন্সী, চাচাতো ভাই বাবলু ও মামুনসহ কয়েকজন লাঠিসোটা হাতে আমার স্বামীকে বাড়িতে এনে ফেলে দেয়। কারণ জানতে চাইলে তারা বলে, তোর স্বামী আমাদের মেরেছে, তাই আমরাও মেরেছি। তারা আমাকে মামলা না করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে কয়েকজনের পরামর্শে আমি আদালতে মামলা করি। তিনি স্বামীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ দাফন করা হবে। ফেনী মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।













