১৬৩ রোল কাপড় নোয়াখালী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

বন্দর থেকে গাজীপুর নেওয়ার পথে আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মে, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর থেকে লোড করে গাজীপুর নেওয়ার পথে আত্মসাৎ হওয়া ১৬৩ রোল আমদানিকৃত কাপড় নোয়াখালী থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় আত্মসাতের ঘটনায় জড়িত আবুল বাসার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের মূল্য ৬০ লাখ টাকা।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ এপ্রিল রাতে কলম্বিয়া অ্যাপারেলস লি. এর আমদানিকৃত বিভিন্ন সাইজের ১৬৩টি কাপড়ের রোল চট্টগ্রাম বন্দর থেকে কাভার্ডভ্যানে লোড করা হয়। এরপর তা এনে রাখা হয় হালিশহর থানার আব্বাসপাড়া টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনে। সেখান থেকে রাত ৩টায় কাপড়ের রোলভর্তি কাভার্ডভ্যানটি গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু গাজীপুরে না গিয়ে গাড়ির ড্রাইভারসহ অন্যরা কাপড়ের রোলগুলো আত্মসাৎ করে। এ ঘটনায় ২৭ এপ্রিল হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে নোয়াখালী জেলার হাতিয়া থানার হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকা থেকে ৯৬টি কাপড়ের রোল উদ্ধার করে। এরপর চর জব্বর থানার চর মজিদ ভুঁইয়ার হাট বাজার এলাকা থেকে আরো ৬৭টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় আবুল বাসারকে।

পূর্ববর্তী নিবন্ধইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা
পরবর্তী নিবন্ধলালদীঘির হোটেল সোনালীকে লাখ টাকা জরিমানা