সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সহযোগিতায় ৪ দিনব্যাপী হ্যান্ডবল রেফারিজ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রাক্তন ডীন অধ্যাপক হায়াত হোসেন। সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম গিয়াস উদ্দিন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি আ. ন. ম ওয়াহিদ দুলাল, বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং চট্টগ্রাম জেলা হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সম্পাদক সোহেল আহমেদ, ক্রীড়া সংগঠক মুন্না চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্সের ইন্সট্রাকটর এবং জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক নাসির উল্লাহ্ লাবলু ও কোর্সের ইন্সট্রাকটর এবং বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের প্রভাষক সাইফুল্লাহ্ মুনির। ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ৪দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থী, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং হ্যান্ডবল খেলোয়াড়সহ প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।













