চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও আন্তর্জাতিক হ্যান্ডবল প্রশিক্ষক (আইএইচএফ ডি–লাইসেন্সধারী) তানজিনা রহমান সমপ্রতি দেশের একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ৪.০০ এর মধ্যে ৩.৮৬ জিপিএ পেয়ে এই ডিগ্রি সম্পন্ন করেন, যা তার ক্রীড়া ও শিক্ষাজীবনে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তানজিনা রহমান দীর্ঘদিন ধরে নারী ও যুব ক্রীড়াবিদদের দক্ষ ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে হ্যান্ডবল প্রশিক্ষণে তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক স্বীকৃতি তাকে চট্টগ্রামের নারীদের মধ্যে একজন পেশাদার ও অনুপ্রেরণাদায়ী প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালীভাবে প্রতিনিধিত্ব করা এবং নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বৃদ্ধি করা। শিক্ষাগত যোগ্যতায়ও তিনি বেশ সমৃদ্ধ। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম থেকে ইংরেজিতে স্নাতক, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি এবং ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। ক্রীড়া প্রশিক্ষণে তানজিনা রহমানের রয়েছে দেশি–বিদেশি নানা প্রশিক্ষণ ও কোর্সে অংশগ্রহণের অভিজ্ঞতা। তিনি ২০২৪ সালে আইএইচএফ ডি–লাইসেন্সধারী লাইসেন্স কোর্স সম্পন্ন করেন। এছাড়া অনলাইনে আইএইচএফ ম্যানেজমেন্ট এডুকেশন, হুইলচেয়ার হ্যান্ডবল, ইয়ুথ কোচ এডুকেশন, চিলড্রেন হ্যান্ডবল এডুকেশন উইকসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন। জাতীয় পর্যায়ে ঢাকায় অনুষ্ঠিত হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স ও জাতীয় হ্যান্ডবল রেফারী প্রশিক্ষণ সফলতার সাথে অংশগ্রহণ ও সম্পন্ন করেন। হ্যান্ডবল ছাড়াও অ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, স্কাউটিং, ক্রীড়া সংগঠন ব্যবস্থাপনা এবং সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।












