হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতার কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়– ‘আশরাফুল মাখলুকাত’। তবে আমি বিশ্বাস করি তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে। মানুষের মধ্যে যদি মানবিকতা কাজ না করে তাহলে সে কখনও শ্রেষ্ঠ হতে পারে না। আপনারা সেই মানবতার কাজটি এগিয়ে নিয়ে এখানে এসেছেন। যাত্রার শুরু থেকে আপনারা এ ধরনের কাজগুলো করে আসছেনসেজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের মানবিক কাজে আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে।

গতকাল বিকেলে নগরীর সার্কিট হাউসে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত রোগীর মানসিক চাপ, দুশ্চিন্তা, সুখ, আনন্দ ও উচ্চ রক্তচাপ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও হৃদরোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, হাসপাতালের কাজ হচ্ছে রোগীকে ভালো করা। হার্ট ও কিডনি রোগীদের জন্য চট্টগ্রামে একটা বড় ধরনের হাসপাতাল দরকার। এসব রোগীদের জন্য আমরা অনেক বড় হাসপাতাল কবর। এ জন্য চট্টগ্রামের চিকিৎসকদের সবচেয়ে বেশি সহযোগিতা দরকার। প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে আমাদের হৃদয়ের যত্ন নিতে হবে। অস্বাস্থ্যকর জীবনযাপন, ভেজাল খাদ্য খাওয়া, সচেতনতার অভাব ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে দেশে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। স্ট্রোক থেকে বাঁচতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি এসএম আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ডা. বিপ্লব ভট্টাচার্য, ইনার হুইল ক্লাব অব সিকুইনের সভাপতি শাহনাজ আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বেলা ১১ টায় উচ্চ রক্তচাপ সনাক্তকরণ চিকিৎসা, সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপর্বতে জীবন-মৃত্যু চলে হাত ধরাধরি করে
পরবর্তী নিবন্ধ‘ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে’ চুক্তি করতে তাগাদা ট্রাম্পের