দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবারের ৪ জনের মৃত্যুর তথ্য বিলম্ব আসায় সেটি যুক্ত করায় মঙ্গলবারের মৃত্যুর সংখ্যা বেড়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাবে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণ গেছে এক হাজার ৭৬ জনের। খবর বিডিনিউজের।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭০ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪২ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৫৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ৬৮ জন। ঢাকা বিভাগে ভর্তি ২৯৯ জন, চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৪, বরিশালে ১৪৩, খুলনায় ৯১, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ২৫ ও রংপুরে ২৭ জন। এ নিয়ে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।













