হাটহাজারীতে ৫৪ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:০৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়ন থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব৭। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব৭ কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করে। এর আগে গত বৃহস্পতিবার বিকালে বুড়িশ্চর ধোপপুলস্থ এস আলম মার্কেটের চন্দ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আইয়ুব কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা ইউপির ৫ নং ওয়ার্ডের নাটমুরা পাড়ার মো. ছিদ্দিকের পুত্র।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাসসহ তাকে আটক করে র‌্যাব। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আসামি মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, আটককৃতকে গতকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১৬
পরবর্তী নিবন্ধকোতোয়ালী ও কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার