হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. নজরুল (৪৫), তপন আচার্য্য (৪৫) এবং মো. মামুন (২৯) নামের তিন মাদকাসক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার ফতেপুর ইউনিয়নস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এবং গুমানমর্দন ইউপির পেশকারহাট এলাকায় চালানো মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। দণ্ডপ্রাপ্ত মো. নজরুল গুমানমর্দন ইউপির ফছন মিয়ার, তপন আচার্য্য মির্জাপুর ইউপি এলাকার মৃনাল আচার্য্যের এবং মো. মামুন ফতেপুর ইউপির মাহামুদ মিয়ার পুত্র।
সূত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় তিন ব্যক্তি মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন তথ্যের ভিক্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলায় মো. নজরুল ও তপন আচার্য্য নামের দুই ব্যক্তিকে ১ মাসের এবং মামুনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান অভিযানের সত্যতা স্বীকার করে জানান, হাটহাজারী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











