হাটহাজারীতে ড্রাম ট্রাক চাপায় মো. কামরুল হাসান ফয়সাল (৩৫) নামের এক কৃষকদলকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এক সন্তানের পিতা নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক মেম্বার মৃত আবদুল মালেক বাবুলের পুত্র। সে উপজেলা কৃষকদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় একটি ড্রাম ট্রাকের চাপায় গুরুতর আহত হন ফয়সাল। এসময় উপস্থিত লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল ও নিহতের পরিবার জানায়, গত কয়েক দিন ধরে ফয়সালকে পূর্ব শত্রুতার জেরে এক যুবক ও তার সহযোগিরা হত্যা করতে চাচ্ছিলো। তারই জেরে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লেখিত এলাকায় ড্রাম ট্রাক চাপা দিয়ে হত্যা করে। তিনি এ হত্যাকান্ডের ঘটনায় হাটহাজারীর এমপি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির দৃষ্টি আকর্ষণ করেছেন। এসময় ফয়সাল হত্যাকান্ডের মূল চক্রটিকে আইনের আওতায় আনতে জোর দাবিও জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী রাত সাড়ে নয়টার দিকে জানান, আমরা ঘটনাস্থলে আছি। আমরা তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।














