হাটহাজারীতে আগুনে পুড়ল ৫টি ঘর

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডা. আব্দুল মাসুদ খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত একটার দিকে উল্লেখিত বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেনের নেতৃত্বে একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্শ্ববর্তী বেশ কিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ওই বাড়ির মৃত সোলাইমান, মৃত সিরাজ, মো. সেলিম, মো. রিয়াজ, হুমায়নসহ ৫ জনের পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেন, তাদের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্তাধীন আছে।

খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

উল্লেখ্য, গত সোমবার ভোর রাতে মির্জাপুর ইউনিয়নের চারিয়া পূর্ব সিকদার পাড়া ৭ নং ওয়ার্ডের আবদুল হাকিম মুন্সির বাড়িতে অগ্নিকাণ্ডে নূরুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফের দুই বাড়ির একটি বসতঘর ও চারটি গোয়ালঘর পুড়ে যায়। এতে তিনটি গরু জীবন্ত দগ্ধ হয়।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধবৈলছড়ীতে পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান