ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সায় না দেওয়ায় এবার যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে ক্ষুব্ধ ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আর তাদের পাশে থাকবে না। অবরুদ্ধ হরমুজ থেকে তারা যেন নিজেদের তেল নিজেরাই নিয়ে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে গতকাল মঙ্গলবার এক পোস্টে যুক্তরাজ্যকে খোঁচা দিয়ে ট্রাম্প লেখেন, যে সব দেশ হরমুজ প্রণালি অবরোধের কারণে জেট জ্বালানি পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য, যারা ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল, তাদের উচিত সাহস সঞ্চয় করা, প্রণালিতে যাওয়া, এবং তেল নিয়ে নেওয়া।
এরপরেই একই পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশগুলোকে নিজেদের জন্য লড়াই করা নিজেদেরই শিখতে শুরু করতে হবে। যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করতে সেখানে থাকবে না। ঠিক যেমন আপনারা আমাদের জন্য সেখানে ছিলেন না। ট্রাম্প সেই দেশগুলোর উদ্দেশে একথা বলেন, যারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার অভিযানে জড়িত হতে চায়নি। খবর বিডিনিউজের।
পোস্টে ট্রাম্প আরও লেখেন, ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। অভিযানের কঠিন কাজ শেষ। পোস্টটি শেষ হয়েছে এই বক্তব্য দিয়ে যে, নিজেরাই গিয়ে নিজেদের তেল নিয়ে আসুন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছিল, দক্ষিণ–পশ্চিম ইংল্যান্ডের সুইন্ডনের কাছে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আন্তর্জাতিক বিধি লঙ্ঘনের যুক্তি দিয়ে সে অনুরোধ রাখেননি। সে সময় যুক্তরাষ্ট্র কোনও প্রতিক্রিয়া প্রকাশ না করলেও ট্রাম্পের গতকালের এই হুঁশিয়ারিতে যুক্তরাজ্যের সেই অস্বীকৃতিতে তার ক্ষোভের বহিঃপ্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে বলেই প্রতীয়মান হচ্ছে।














