স্বামীকে হত্যা করে নিজেই পুলিশ ডাকলেন স্ত্রী

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

 

রাজধানীর সবুজবাগ এলাকায় স্বামীকে হত্যা করে নিজেই ফোন করে আত্মসমর্পণ করেছেন এক নারী বলে খবর দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এমন কল পাওয়ার কথা বলেছেন পরিদর্শক আনোয়ার সাত্তার। পরে সবুজবাগ থানা পুলিশ নন্দীপাড়া বড় মসজিদ এলাকার একটি বাসা থেকে ৪০ বছর বয়সী মাহফুজুর রহমান নামে একজনের লাশ উদ্ধার করে এবং রেহেনা আক্তার নামে ওই নারীকে হেফাজতে নেয়। খবর বিডিনিউজের।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে রেহানার স্বীকারোক্তির বরাতে পুলিশ বলছে, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে ক্ষিপ্ত হয়ে রেহানা এ ঘটনা ঘটিয়েছেন। তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। এ হত্যাকাণ্ডের বিষয়ে জরুরি সেবা বিভাগের জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ারের পাঠানো বার্তায় বলা হয়, রেহেনা নামে ওই নারী ‘৯৯৯’ নম্বরে ফোন করে তার স্বামীকে হত্যা করার কথা বলেছেন। এর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়।

সবুজবাগ থানার এসআই হুমায়ূন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেহানা পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধনেপালের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে সার ভর্তি ট্রাক জব্দ, আটক ৩