ছোট্ট সোনা পড়ছে দেখো
অ, আ, হ্রস্ব ই,
এদিক–ওদিক তাকায়, হাসে
হা হা, হি হি হি।
ক–তে কলা, খ–তে খায়,
প–তে পড়া ভালো,
বড় হয়ে সোনা জাদু
জ্বালবে জ্ঞানের আলো।
সেই আলোতে দেখতে পাবে
আঁধার ঘরের কী,
এদিক–ওদিক তাকায়, হাসে
হা হা, হি হি হি।
কত যে তার মুখের কথা
আঁকিবুঁকি খেলা,
সং সাজাতে হাত দুটিতে
রং মেখেছে মেলা।
সেই তো রং ধুতে হাতে
পানি ঢালে ঝি,
এদিক–ওদিক তাকায়, হাসে
হা হা, হি হি হি।







