স্বাধীনতা কমপ্লেক্স দ্রুত সংস্কার করে পুনরায় চালু করা হোক

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনালের সামনে অবস্থিত স্বাধীনতা কমপ্লেক্স (সাবেক জিয়া পার্ক) দীর্ঘদিন ধরে চান্দগাঁওবাসীর বিনোদন ও মানসিক প্রশান্তির অন্যতম স্থান হিসেবে পরিচিত। প্রাকৃতিক পরিবেশ, পুরনো বিভিন্ন নিদর্শন এবং খোলামেলা সুন্দর পরিবেশের কারণে প্রতিদিন দূরদূরান্ত থেকেও অসংখ্য মানুষ এখানে সময় কাটাতে আসতেন। বিশেষ করে ছুটির দিনে পরিবারপরিজন নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এটি ছিল অত্যন্ত জনপ্রিয় একটি স্থান।

কিন্তু দুঃখজনকভাবে গত ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তকারীদের হামলায় পার্কটির বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করা হয়। এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পার্কটি সংস্কার করে পুনরায় চালু করা হয়নি। ফলে স্থানীয় মানুষজন তাদের প্রিয় এই বিনোদনকেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছেন।

বর্তমানে পার্কটি বন্ধ থাকায় পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, অবসর সময় কাটানো কিংবা শিশুদের নিয়ে একটু নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগও হারিয়ে গেছে। বিশেষ করে শহরের ব্যস্ত জীবনে এমন একটি খোলামেলা ও শান্ত পরিবেশের স্থান মানুষের মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাধীনতা কমপ্লেক্স শুধু একটি পার্ক নয়, এটি চট্টগ্রামবাসী, বিশেষ করে চান্দগাঁও এলাকার মানুষের আবেগ, ঐতিহ্য ও স্মৃতির একটি অংশ। তাই এলাকাবাসীর প্রাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে স্বাধীনতা কমপ্লেক্স পুনরায় চালু করা হোক এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।

সৈয়দ শাহজাহান সিরাজ

বহদ্দারহাট, চান্দঁগাও,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধভিক্টর হুগো : রোমান্টিক লেখক
পরবর্তী নিবন্ধহালদায় ফেলে আসা সেই দিনগুলো