নগরীর বন্দর এলাকায় অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন স্ত্রী সানজু বিবি। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মো. জাবেদকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দুই ঘণ্টার মধ্যে বন্দর থানাধীন পুরাতন মার্কেট এলাকা থেকে এসআরবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মো. জাবেদ বন্দর থানার আদর্শপাড়া এলাকার মৃত আব্দুল খবিরের ছেলে। গতকাল বিকেলে নগরীর চান্দগাঁও মিডিয়া সেন্টারে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে এসআরবি–৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, অনলাইন জুয়ায় আসক্ত জাবেদ জুয়ায় টাকা হারিয়ে স্ত্রী সানজু বিবির সাথে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জাবেদ ছুরি দিয়ে সানজুর গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে জাবেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর থানার পুরাতন মার্কেট এলাকায় জাবেদের অবস্থান শনাক্ত হয়। একপর্যায়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে স্ত্রী খুনের ঘটনায় জড়িত জাবেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জাবেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের সামনের একটি কাঁঠালগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এসআরবি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












