স্কেচ গ্যালারি নন্দন’র আয়োজনে গত ১৮ জুলাই মেহেদীবাগস্থ মহড়া কক্ষে জনপ্রিয় কথাকোবিদ হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস স্মরণে ‘হুমায়ূন আহমেদ ও সাজঘর’ শীর্ষক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাজমা আলী নীপা ও ধীমান দাশের সঞ্চালনায় এতে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন– সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও নাট্যজন সনজিব বড়ুয়া। তাঁর চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন নাট্যজন আশীষ নন্দী। সাজঘর নাটকের নির্মাণ ও মঞ্চায়ন প্রসঙ্গ অনুভূতি ব্যক্ত করেন দর্শক পুষ্পন চৌধুরী ও হাসনা হেনা।
আলোচনায় কবি ও কথা–সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। জনপ্রিয় বলে অনেকে তাঁর লেখার সাহিত্য মানটাকে খাটো করে দেখেন। কিন্তু প্রয়াণের এই ১৪ বছর পরও তাঁর বই বিক্রির পরিমাণ দেখলেই বুঝা যায়, তিনি এখনও কতো বেশি প্রাসঙ্গিক। হুমায়ূন আহমেদের সব লেখা গুরুত্বপূর্ণ না হলেও গুণগত মানের কারণে তিনি অমর হয়ে থাকবেন। নাট্যজন সনজীব বড়ুয়া বলেন, হুমায়ূন আহমেদের সাহিত্যের যে ভাষা তা এতো প্রাঞ্জল যে তা পাঠককে মোহগ্রস্থ করে। সাজঘর নাটকটি মঞ্চ ও মঞ্চের বাইরে নাট্যশিল্পীর যে বাস্তবতা তা সুন্দরভাবে তুলে ধরেছে। নাট্যজন আশীষ নন্দী বলেন, সাহিত্যের মতো চলচ্চিত্রেও হুমায়ূন আহমেদ তার মেধার বিচ্ছুরণ ঘটিয়েছেন। তাঁর জীবদ্দশায় তিনি যে কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন তার সবকটিই দর্শকের মানসে অভিঘাত তৈরি করেছে। নাজমা আলী নীপা হুমায়ূন আহমেদের লেখা কবিতা পাঠ করেন। নির্মাতা শাহরিয়ার হান্নান সাজঘর নাটকের অংশ বিশেষ পাঠ করেন। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশন করেন মোহাম্মদ ফোরকান ও তাসনুভা। উপস্থিত ছিলেন অভিনয়–শিল্পী শাহীন চৌধুরী, ড. বিকিরণ বড়ুয়া, বাপ্পী হায়দার, মামুন নাজিম, জানে আলম টিটু, শান্তা দাস, অভিষেক সুজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












