সৌদি আরবে পৌঁছেছেন সাড়ে ৩২ হাজার হজযাত্রী, ২ জনের মৃত্যু

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী, যাদের মধ্যে দুজন সেখানে মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিন অনুযায়ী, গত শুক্রবার রাত ২টা পর্যন্ত বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি মাধ্যমে ২৯ হাজার ২৪৮ জন সৌদি আরবে পৌঁছেছেন। ৮১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পোঁছান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে দুই হজযাত্রীর মৃত্যু হয়েছে। গেল মঙ্গলবার মক্কায় অবস্থানকালে মারা যান ৭৫ বছর বয়সি নইম উদ্দীন মন্ডল। জয়পুরহাট সদরের এই বাসিন্দা গত সোমবার ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান। এদিকে বুধবার মক্কায় মারা যান টাঙ্গাইল সদরের আবুল কাশেম (৭০)। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত শনিবার সৌদি আরবে পৌঁছান। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালে হজে গিয়ে ৪৮ জন হজযাত্রী সৌদি আরবে মারা গিয়েছিলেন। এর আগের বছর হজে গিয়ে মারা যান ৬৫ জন হজযাত্রী। খবর বিডিনিউজের।

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন। ৩০টি লিড এজেন্সি এ বছর বাংলাদেশ থেকে হজ কার্যক্রম পরিচালনা করছে। আগামী ২১ সবশেষ হজ ফ্লাইটের রওনা হওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ৩০ জুন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধএটা পুলিশের রুটিন ওয়ার্ক, প্যানিক হওয়ার কিছু নেই