কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মো. হেলাল উদ্দিন (৫৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। সৈকতের বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা নিখোঁজ পর্যটকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ হেলাল উদ্দিন মেহেরপুর সদরের পশু হাসপাতাল পাড়ার মো. আনোয়ার শেখের ছেলে। জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলাতলী সৈকতের দক্ষিণ পাশে বাবা ও ছেলে গোসলে নামে। এ সময় তারা সাগরে তলিয়ে যায়। তাৎক্ষণিক বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা ছেলে নিলয়কে উদ্ধার করতে পারলেও হেলাল উদ্দিনের খোঁজ পায়নি। নিলয়কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।












