খেলাধুলার সুযোগ বাড়িয়ে শিশু–কিশোর ও তরুণদের মাঠমুখী করার মাধ্যমে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নগরীর প্রতিটি এলাকায় খেলার পরিবেশ তৈরির পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। গত সোমবার সন্ধ্যায় বাকলিয়ার কর্ণফুলী স্পোর্টস এরেনা, নতুন ব্রিজে ২য় বারের মতো মরহুম আহম্মদুর রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মূসা। মরহুম হাজী ইসমাঈল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন আজিজুল হক মাসুম, সৈয়দ আবদুল নোমান, মোহাম্মদ শাহিন, মো. টিপু, আলাউদ্দিন, রাশেদ, ইমন, ইকবাল, আজাহার ও আসিফ প্রমুখ।












