সীতাকুণ্ডে বেপরোয়া লরির চাপায় মো. সাকিব (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ট্যোবাকো গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব স্থানীয় মো. আবু মুছার পুত্র। অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুস্তম আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কাজী নাজমুল হকের বরাতে আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান, রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাকিবকে চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে চমেক পুলিশ ফাঁড়ি। চকরিয়া প্রতিনিধি জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বাইক আরোহী রুস্তম আলী চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পুকপুকুরিয়া এলাকার মকবুল আহমদের পুত্র। তিনি চকরিয়া পৌরশহরের ওসান সিটি মার্কেটের ব্যবসায়ী। জানা যায়, রাতে বদরখালী এলাকায় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন রুস্তম। অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাত দেড়টার দিকে ইলিশিয়া এলাকায় সড়কের পাশে তাকে মোটর সাইকেলসহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুস্তম। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় একজন নিহতের বিষয়ে শুনেছি।












