সাম্পান থেকে ৮০০ লিটার পাম অয়েল জব্দ, দুই চোরাকারবারি আটক

পতেঙ্গা ১০নম্বর ঘাটে কোস্ট গার্ডের অভিযান

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা প্রায় ৮০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এ সময় নগদ ৪ লাখ ১১ হাজার ৬৪০ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। গতকাল (শুক্রবার) দুপুর ৩টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন ১০ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।

কোস্ট গার্ড সূত্র জানায়, একটি বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮০০ লিটার পাম অয়েল সাম্পান বোটের মাধ্যমে ঘাটে তোলা হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে নগদ ৪ লাখ ১১ হাজার ৬৪০ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত বোটও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বারের নির্বাচন প্রত্যাখ্যান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের
পরবর্তী নিবন্ধবান্দরবানে অপহৃত ঠিকাদার ও মুক্তিপণের টাকা উদ্ধার