সাদমান ও রুজবাহ স্বপ্নকে নিয়ে যেতে চায় অনেকদূর। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অনন্য কৃতিত্ব দেখিয়ে সেই দূরগামী স্বপ্নেরই এক দারুণ সূচনা করেছে নগরীর ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এই দুই কৃতী শিক্ষার্থী। চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৭১ নম্বর পেয়েছে মো. সাদমান ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ১২৬৭ নম্বর পেয়েছে তারই সহপাঠী রুজবাহ উদ্দিন রোহান। এই দুই শিক্ষার্থীর আকাশচুম্বী স্বপ্ন আর সুনির্দিষ্ট লক্ষ্য অনুপ্রাণিত করবে যেকোনো তরুণকে। গতকাল প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে মো. সাদমান ইসলাম জানায় তার স্বপ্নের কথা। উচ্চমাধ্যমিকে ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে পড়ার ইচ্ছা রয়েছে তার। এরপর প্রকৌশল শিক্ষায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে নিজেকে তৈরি করতে চায় সে। পরবর্তীতে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে পুনরায় দেশে ফিরে দেশ গঠনে নিজের মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চায় এই মেধাবী শিক্ষার্থী। দৈনিক আজাদীকে সে জানায়, শিক্ষক, বাবা–মা ও আত্মীয়–স্বজন সবার আশা পূরণ করতে পেরেছি–এজন্য ভালো অনুভব করছি। অনেক খুশি আমি।
রুজবাহ উদ্দিন রোহান জানাল, সেও তার কলেজ জীবন শুরু করতে চায় নটর ডেম কলেজ থেকে। তবে তার পরবর্তী গন্তব্য আরও বড়; সুদূর আমেরিকায় পাড়ি জমিয়ে বিশ্বসেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমআইটিতে পড়ার স্বপ্ন দেখছে সে। বিশ্বমঞ্চে নিজের মেধার স্বাক্ষর রেখে নিজের স্বপ্নকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় রুজবাহ উদ্দিন। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ তজল্লী আজাদ। তিনি তার প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, খুবই ভালো লাগছে। শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফলই আজকের এই গৌরব। দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম আর সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে যে জীবনের যেকোনো বড় স্বপ্ন পূরণ করা সম্ভব, সাদমান ও রুজবাহর এই সাফল্য তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধান শিক্ষক বলেন, আমাদের আরো অনেক শিক্ষার্থী ভালো করেছে, ৭ম ও ৮ম সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীও আমাদের প্রতিষ্ঠানের। আমরা সকল শিক্ষার্থীর ফলাফলে আনন্দিত।
স্কুল থেকে পাওয়া তথ্য বলছে– মো. সাদমান ইসলাম ফিরোজপুর জেলার ফিরোজপুর সদরের হুলারহাটের লখাকাঠী গ্রামের বাসিন্দা। তার বাবা ফকরুল ইসলাম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজোনাল ম্যানেজার। মা ছাহিদুন্নেছা গৃহিণী। তারা থাকেন নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকায়। অন্যদিকে রুজবাহ উদ্দিন রোহান চট্টগ্রামের বাঁশখালী থানার বেলগাঁও পশ্চিম নাটমুড়া এলাকার বাসিন্দা। বাবা মোহাম্মদ রোকন উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর। মা রাহাত সাদিয়া বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক।











