জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ে শুকরিয়া আদায় করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিফ প্রসিকিউটর এমন মন্তব্য করেন। খবর বাংলানিউজের।
চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় প্রত্যেক আসামির বিরুদ্ধে চারটি করে অভিযোগ ছিল। অধিকাংশ অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে আমরা এই রায়ে শুকরিয়া আদায় করছি।
পলাতক সাত আসামির বর্তমান অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদের কাছে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তারা যেহেতু এখন দণ্ডপ্রাপ্ত আসামি, তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হলে দ্রুত গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।












