সাতকানিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাত, ২ জামায়াত নেতা আহত

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় মুখোশধারী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জামায়াতের ২ নেতা আহত হয়েছে। আহতরা হলেন– এওচিয়া ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জাকারিয়া রুবেল (৩৫) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া (৪৫)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জামায়াত নেতা জাকারিয়া রুবেল ও মাওলানা জাকারিয়া অপর এক দলীয় নেতাসহ মোটরসাইকেলযোগে এওচিয়ার ৮নং ওয়ার্ডের এরশাদ আলী মেম্বারের বাড়িতে বিয়ের মেহেদী অনুষ্ঠানে বেড়াতে যান। রাতে সেখান থেকে ফেরার পথে পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় পৌঁছার পর পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিতভাবে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার বিষয়ে আহত জামায়াত নেতা মো. জাকারিয়া রুবেল জানান, আমরা মূলত একটি মেহেদী অনুষ্ঠান থেকে ফিরছিলাম। পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় পৌঁছার পর ৭–৮ জনের মুখোশধারী সন্ত্রাসী দল প্রথমে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে অস্ত্র দেখিয়ে আমাদের জিম্মি করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে পিটাতে শুরু করে। এসময় আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের হাতে জখম হয়েছে বলে জানা গেছে। হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধশুভ মহালয়া আজ
পরবর্তী নিবন্ধফিরে পেল প্রাণ, সচল হোক ক্যাবল কার