মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গভীর সমুদ্রে মৎস্য আহরণে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। মন্ত্রী গতকাল শুক্রবার চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি পরিদর্শনকালে একাডেমির কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিশাল সমুদ্রসীমার সম্পদ আহরণ, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এ একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। একাডেমির বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সমস্যাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে মেরিন ফিশারিজ একাডেমিকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উন্নীত করা হবে, যাতে দেশের ব্লু ইকোনমির বিকাশে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, কর্ণফুলী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুল ইসলামসহ মেরিন ফিশারিজ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী একাডেমির সার্বিক কার্যক্রম, প্রশিক্ষণ সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সমপ্রসারণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি একাডেমির উন্নয়ন ও আন্তর্জাতিক মানে উত্তরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












