কর্ণফুলীর শিকলবাহায় মো. জাবেদ (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকার আব্দুলের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মো. জাবেদ শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা হাসেমের বাড়ি এলাকার মো. নাজেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জাবেদকে দেখতে পান স্বজনরা। পরে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ আরও জানায়, নিহত জাবেদের দুই স্ত্রী। জাবেদ উভয়ের সঙ্গেই সংসার করলেও ঘটনার রাতে ছোট স্ত্রী তথা দ্বিতীয় স্ত্রী রিনা আক্তারের সঙ্গে অবস্থান করছিলেন। মৃত্যুর ঘটনায় বড় স্ত্রী, ভাই–বোন ও স্বজনরা ছোট স্ত্রীকে সন্দেহ করছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাসহ মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।











