সাগরপথে মিয়ানমারে যাচ্ছিল ৬০০ বস্তা ইউরিয়া সার

সীতাকুণ্ডে দুটি ট্রাকসহ আটক ২

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সাগরপথে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা থেকে ৬০০ বস্তা রাসায়নিক ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকারী দুজনকে আটক করা হয়। জব্দকৃত সারের বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা বলে জানা গেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযান চলাকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৬০০ বস্তা (৩০ হাজার কেজি) ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এর আগে সমপ্রতি আরও দুইবার কুমিরা ও বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা থেকে চট্টগ্রাম থেকে আসা বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়। সর্বশেষ ১০ সেপ্টেম্বর একই এলাকার বাঁশবাড়িয়া ফেরিঘাট দিয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি ট্রাক জব্দ করেছিল বাংলাদেশ কোস্ট গার্ড।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদিন গড়ে যুক্ত হচ্ছে ৬টি মামলা, বাড়ছে উদ্বেগ
পরবর্তী নিবন্ধভারতে মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে আবার আন্দোলন