সাংবাদিকদের বিরুদ্ধে হুট করে মামলা নয়, অভিযোগ করতে হবে প্রেস কাউন্সিলে

চট্টগ্রাম এডিটরস ক্লাবের উদ্যোগে ওসমান গনি মনসুরের সংবর্ধনা অনুষ্ঠানে আজাদী সম্পাদক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ জুন, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে। হুট করে মামলা করা উচিত নয়। আমি বহুবার এ বিষয়ে প্রস্তাবনা দিয়েছি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

গতকাল রোববার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম এডিটরস ক্লাবের আয়োজনে সংগঠনের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় ওসমান গনি মনসুরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

আজাদী সম্পাদক বলেন, ওসমান গনি মনসুর বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন সাংবাদিক। তিনি দক্ষ সংগঠক, সৃজনশীল লেখক, নিবেদিতপ্রাণ সাংবাদিক ও মননশীল পাঠক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৪৮৫ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা আমি প্রত্যক্ষ করেছি। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমার বিশ্বাস, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংবর্ধিত অতিথি ওসমান গনি মনসুর বলেন, ছবি তোলার শখ থেকেই আমার সাংবাদিকতায় আসা। দীর্ঘ সাংবাদিকতা জীবনে কোনো পদপদবির জন্য কারো কাছে তদবির করিনি। আমার কাজের মূল্যায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান করেছে। আজ চট্টগ্রাম এডিটরস ক্লাব আমাকে সংবর্ধনা দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।

প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, একটি সংবাদপত্রের প্রধান ব্যক্তি হচ্ছেন সম্পাদক। সম্পাদক যদি মনে করেন কোনো সংবাদ প্রকাশ করা উচিত, তবে তিনি তা প্রকাশ করবেন। আর যদি মনে না করেন তবে তিনি তা প্রকাশে বাধ্য নন। সম্পাদকরা সংবাদ ও সাংবাদিকতার মর্যাদার প্রতীক।

চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। স্বাগত বক্তব্য দেন এডিটরস ক্লাবের অর্থ সম্পাদক জসিম উদ্দিন ও পূর্বধারার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন। শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্য দেন দৈনিক দেশ বর্তমানের সম্পাদক এস এম জমির। সংবর্ধিত অতিথির জীবনী পাঠ করেন চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের যুগ্ম সম্পাদক ও সকালের চট্টগ্রামের সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বায়েজিদের সম্পাদক মো. হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ও দি ক্রাইমের সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, বাংলাধারার সম্পাদক ফেরদৌস শিপন, এজাহারের সম্পাদক মো. শফিউল আলম, দি পিস সম্পাদকের মো. মহিউদ্দিন চৌধুরী, ইস্টার্ন ট্রেডের সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, আজকের সত্য সংবাদের সম্পাদক মো. হারুনুর রশিদ, আন্দরকিল্লার সম্পাদক নুরুল আফছার এবং চট্টগ্রাম নিউজের সম্পাদক হারাধন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসরকারি ব্যয় ও অর্থায়ন কাঠামো বদলাতে সময় চান অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৭৮৬