সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

সর্বজনীন পেনশন স্কিমে পেনশনারের মৃত্যুর পর নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এই স্কিমের ২০২৫২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে কিঞ্চিৎ বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা অনুমোদন করা হয় বলে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়। বোর্ডের সদস্য সচিব জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান সভা পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় ২০২৫২৬ অর্থবছরে বিনিয়োগ করা অর্থের বিপরীতে গ্রাহকদের মুনাফার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে মুনাফা অনুমোদন দেওয়া হয়। এর ফলে ওই অর্থবছরের বিনিয়োগের বিপরীতে সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের হিসাবে নির্ধারিত হারে মুনাফা যুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধএকাদশ শ্রেণির ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা
পরবর্তী নিবন্ধমোদীকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের