বাংলাদেশ জাসদ উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার কাউন্সিল গতকাল সোমবার স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক অডিটরিয়ামে নগর জাসদ সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। বক্তব্য দেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাড. আবু মো. হাশেম, স্থায়ী কমিটির সদস্য নাসিরুল হক নোয়াব, দক্ষিণ জেলা সভাপতি নূরুল আলম মন্টু, কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উত্তর জেলা সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, নগর সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রমুখ। সভা পরিচালনা করেন উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এম আক্তারুল আলম।
প্রধান অতিথির বলেন, সরকার এখনও পুরোনো কায়দায় দেশ চালাচ্ছে। ইতোমধ্যে পছন্দমত নির্বাচন কমিশন আইন করেছে, অবাঞ্ছিত রাজনৈতিক দলবিধি বহাল রেখেছে, প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, প্রশাসক দিয়ে জেলা পরিষদ চালানোর পাঁয়তারা করছে, রাজনীতিবিদদের মর্যাদা অবনমন, কমিশন স্বার্থে বড় বড় প্রকল্প গ্রহণসহ নানাবিধ অগণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে দেশের ক্ষতি করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ব্যর্থতা এবং বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে জনগণের ভোগান্তি তৈরি করছে। এ অবস্থায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
বিশেষ অতিথি বলেন, দিনের ভোট রাতে করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। ইন্দু নন্দন দত্ত বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











