সমৃদ্ধ দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি

মীরসরাইয়ে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে নুরুল আমিন এমপি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সমস্যা সমাধানে শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নুরুল আমিন এমপি। তিনি বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা জরুরি। এ জন্য শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

গত বৃহস্পতিবার দুপুরে মীরসরাই উপজেলা প্রাঙ্গনস্থ জেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী। সংসদ সদস্য নুরুল আমিন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্‌বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব গাজী নিজাম, উপজেলা প্রাথমিক বদলি কমিটির সদস্য শহিদুল ইসলাম স্বপন ও আবু দাউদ।

সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন খিল হিঙ্‌গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস্ত মোহাম্মদ। প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও বিদ্যালয় পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে উপজেলার ১৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধজীবন ও প্রকৃতিকে পড়া লেখালেখির জন্য অপরিহার্য
পরবর্তী নিবন্ধতোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে