সব ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই

আইসিসিআর-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি শহরের প্রকৃত নিরাপত্তা কেবল অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নিশ্চিত হয় না, বরং তখনই একটি শহর সত্যিকারের নিরাপদ হয়ে ওঠে, যখন ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল নাগরিক নির্ভয়ে ও মর্যাদার সাথে চলাফেরা করতে পারেন। তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার ও নিরাপত্তা অনুভব করেন–এমন একটি নিরাপদ নগর গড়ে তোলাই আমার লক্ষ্য।

গতকাল বৃহস্পতিবার ভারতের সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর–ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনও বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, লায়ন আসলাম চৌধুরী ও আইসিসিআর স্কলার, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

মেয়র বলেন, ভারতের আইসিসিআর কেবল একটি কূটনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি সংস্কৃতির মাধ্যমে সেতুবন্ধন তৈরির এক শক্তিশালী প্ল্যাটফর্ম। সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ গড়ে ওঠে, যা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, বর্তমান আন্তঃসংযুক্ত বিশ্বে সাংস্কৃতিক কূটনীতির গুরুত্ব দিন দিন বাড়ছে। আইসিসিআর–এর মতো প্রতিষ্ঠান পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা প্রয়োজন। যৌথ সাংস্কৃতিক উৎসব ও শিল্পকলা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ঐতিহ্য আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ, বাড়তে পারে উত্তরবঙ্গগামী ট্রেন
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী