চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা ১৫ মিনিটের দিকে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদরঘাট থানা পুলিশ জানায়, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিকে সদরঘাট থানার একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৭, ১৫২, ৪৪৭, ৪৪৮, ৩৫৩, ৪৩৬, ৩৭৯, ৩৮০, ৪২৭ ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীর (৪২) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে। বর্তমানে তিনি ঢাকার মুগদা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, প্রাথমিক পর্যালোচনায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে ‘বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান’, ‘বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ’ এবং ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ’ নামে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
রাজনৈতিক পরিচয়ের বিষয়ে পুলিশ জানায়, এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি (২০০৯–২০১২), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (২০১২–২০১৪) এবং ২০২১ সালে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।












