আমরা ফেলে এসেছি ছোট ছোট গ্রাম,
ফসলের মাঠ, আল পথে ফুটে থাকা ঘাসফুল।
আমাদের টুকরো টুকরো শৈশব। নির্জন দুপুর,
পুকুরের পাড়, শান্ত পানিতে টুপ করে একটি বরই
ঝরে পড়ার শব্দ, জলের শরীরে ছড়িয়ে পড়া তরঙ্গ–
মিষ্টি সেসব দিন!
আমরা ফেলে এসেছি শীতের সকাল, খড়–পাতার
আগুন, শরীরে–মনে এতটুকু উত্তাপ। আগুনের চারপাশ
ঘিরে কয়েকটি ছেলেমেয়ে, তাদের কত না হাসি–আড্ডা!
আমাদের তুলোর মতন নরম শৈশব। আমরা ফেলে এসেছি
দুরন্ত কৈশোর, সমস্ত পাড়া ঘুমিয়ে গেলে হারিকেনের
আলোয় কাঁপা কাঁপা হাতে গ্রাম্য বালিকার প্রথম হলুদ খাম।
প্রথম প্রেম, প্রথম চিঠি, প্রথম শিহরণ।
ফেলে এসেছি জাম কুড়ানো ভোর, লেবু পাতার শরবত,
নারকেল পাতার চশমা। আমরা পেরিয়ে এসেছি বিন্দু বিন্দু
শিশিরমাখা কুয়াশার সকাল। পাহাড়ের বুনো বেতফল,
আমাদের মুখর ছেলেবেলা।
এখন আমাদের অনেক কিছুই আছে, নেই শুধু সেসব
সোনা ঝরা দিন– মায়ের আঁচল, মাঝে মাঝে দুধভাত,
কাঠবেড়ালি শৈশব, আরো কতো কী…..
সেসব আমাদের ফেলে কবেই চলে গেছে!








