স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম হু হু করে কমে যাওয়ায় ট্রিলিয়নেয়ারের মুকুট হারালেন ইলন মাস্ক। বিশ্ববাজারের অস্থিরতা ও এআই বুদবুদ ফেটে যাওয়ার শঙ্কায় বড় ধরনের লোকসানের মুখে পড়ে তার সম্পদ এখন নেমে এসেছে বিলিয়নেয়ারের ঘরে। খবর বিডিনিউজের। বুধবার বাজার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মাস্ক আর লক্ষ কোটি পতি রইলেন না। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ফোর্বসের তালিকায় মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৯৭ হাজার ২০ কোটি ডলার। গার্ডিয়ান লিখেছে, ১২ জুন স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও’র পর মাস্ক ট্রিলিয়নেয়ারের মর্যাদা পেয়েছিলেন। রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক এ কোম্পানির শেয়ার বাজারে অভিষেক মাস্ককে পৃথিবীর ইতিহাসের প্রথম ১ ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার গৌরব এনে দিয়েছিল। আইপিও’র পরবর্তী সপ্তাহগুলোতেও তার সম্পদের পাহাড় এই বিশাল অংকের আশপাশেই ঘুরপাক খাচ্ছিল। তবে এ সপ্তাহে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধসের কারণে শীর্ষস্থানীয় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়।












