টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উইকেটের চারপাশে নান্দনিক সব শটে নিজের দক্ষতার পরিচয় দেন শামীম। তার এই ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিংয়েই বাংলাদেশ প্রথম ম্যাচে ৬ উইকেটের দারুণ জয় পায়। ম্যাচ শেষে শামীমের ইনিংসের প্রশংসা করেন নিউজিল্যান্ডের ব্যাটার ডিন ক্লেভার। ইনিংসের ১৬তম ওভারে বল হাতে আসেন কিউই পেসার নাথান স্মিথ। ওভারের তৃতীয় ডেলিভারিটি ছিল মিডল স্টাম্পের ওপর বাউন্সার। ক্রিজে দাঁড়িয়েই সেটাকে নিখুঁতভাবে কাজে লাগান শামীম হোসেন, উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে পাঠান বাউন্ডারির বাইরে। শট খেলে তাকালেন না বলের দিকেও। যেন বুঝে গিয়েছিলেন, এটা ছক্কা হবেই। তার শরীরী ভাষাতেও তখন স্পষ্ট হয়ে উঠেছিল আত্মবিশ্বাস আর এক ধরনের দাপুটে আধিপত্য। মাঠের চারদিকে ভিন্ন ভিন্ন শট খেলে ১৩ বলে করেন ৩১ রান, যেখানে ৩ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা। পঞ্চম উইকেট জুটিতে ২১ বলে ৪৯ রান যোগ করে ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম ও হৃদয়। শামীমের ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিং দেখে প্রশংসা ঝড়েছে নিউজিল্যান্ডের ডিন ক্লেভারের কণ্ঠে।
নিজে ২৮ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সংবাদ সম্মেলনে এসে শামীমকে প্রশংসায় ভাসান তিনি, ‘শেষের দিকে ওই দুই ব্যাটার (হৃদয় ও শামীম) দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তারা ৩৬০ ডিগ্রিতে খেলতে পেরেছে, বলের গতি ভালোভাবে কাজে লাগিয়েছে। আর যখন দরকার হয়েছে তখন ছক্কাও মেরেছে।’














