শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। গতকাল রোববার থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) শেফায়েত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অজয় কুমার চক্রবর্তী, সদস্য সচিব লিটন দে, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা অমলেন্দু ধর, সমীর চক্রবর্তী সাগর প্রমুখ। সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। সভায় নির্বিগ্নে পূজা উদযাপনে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ভলান্টিয়ার নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পার্কিং ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।












