শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আজ ১৬ সেপ্টেম্বর, বুধবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুপুর ২.১৫ টায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়–বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বিকাল ৪.১৫টায় দ্বিতীয় সেমিফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়– কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় পরস্পরের মোকাবেলা করবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় শিরোপা লড়াইয়ে অংশ নেবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ, সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স রুমে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রস্তুতি ও সমন্বয় সভা। সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচকে সফল করতে নিজেদের করণীয় নিয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় মাঠের শৃংখলা বজায় রেখে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচকে সুশৃঙ্খলভাবে সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় জানানো হয় ফাইনাল খেলা ও সমাপনী দিনে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জাসাস। সভায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, মিডিয়া কমিটির আহবায়ক শওকত আজম খাজা, হারুন জামান সহ টুর্নামেন্ট কমিটি ও মহানগর বিএনপি আহবায়ক কমিটির কর্মকতা, বিভিন্ন উপ–কমিটির আহবায়ক ও সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকর্তা ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।












